দেশে বিনোদন নির্ভর ওভার দ্য টপ স্ট্রিমিং প্ল্যাটফর্মের চাহিদা বিবেচনায় নেটফ্লিক্স মানের একটি দেশীয় ওটিটি প্লাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। সরকারি- বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি হবে এই ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মটি।
বুধবার ক্রিয়েটিভ স্কিল কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনা ছিল ডিজিটাল বাংলাদেশ হবে আত্ননির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ। অর্থাৎ, আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন থাকবে, নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে, নিজস্ব কমিউনিকেশন অ্যাপ থাকবে এবং নিজস্ব ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম থাকবে।
ইতোমধ্যেই সরকারের নিজস্ব ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, ‘বৈঠক’ ব্যবহার শুরুর খবর দিয়ে খুব দ্রুতই অ্যাপটি বাণিজ্যিকভাবে প্রকাশ করা হবে জানিয়ে ২০৪১ সালের মধ্যে দেশ সৃজনশীল অর্থনীতির দেশের পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা সবকিছুতে সেরা হতে চাই, আত্ননির্ভরশীল হতে চাই। কিন্তু, অবশ্যই আত্নকেন্দ্রিক হতে চাই না। আমাদের এই ক্রিয়েটিভ স্কিল কাউন্সিলের একটি কাজ হবে স্কিল সেট তৈরি করা, দ্বিতীয় কাজ হবে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া, তৃতীয় কাজ হবে আমাদের শিল্পী, সাহিত্যিক, সৃজনশীল ব্যক্তিবর্গ যারা আছেন, তাঁদের সৃষ্টির মেধাস্বত্ব সংরক্ষণ করা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ট্র্যাডিশনাল ইকোনোমিকে ডিজিটাল ইকোনোমিতে পরিবর্তন করেছেন। আমরা ইনশাআল্লাহ্ ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে ক্রিয়েটিভ ইকোনোমির দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করবো, সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।

দেশে একটি মিডিয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি পূরণে আশ্বাস দিয়ে সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ও ক্রিয়েটিভ মিডিয়ার সভাপতি শমী কায়সার।
তারকা মেলায় রূপ নেয়া এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের সমন্বয়ক শফিকুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ মিডায়কর্মী উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবে ক্রিয়েটিভ স্কিল কাউন্সিল। অনুষ্ঠান শেষে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন মিডিয়া খাতের অংশীজনেরা।